আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ১২ মে) বিকেলে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এর আগে গত শনিবার (১০ মে) রাত ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ ঘোষণা দেন। ঘোষণার পর পরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’।
Adblumedia
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর পরই হোটেল কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয়া আন্দোলনকারীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এর পরই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত।
শাহবাগ মোড় থেকে আনন্দ মিছিলে শোডাউনসহ অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ইনকিলাব মঞ্চ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও ছাত্র-জনতা।

